Sylhet Today 24 PRINT

হাসনাত ও তাহমিদ ‘জিজ্ঞাসাবাদের পর্যায়ে’

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৬

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার পর সন্দেহভাজন হিসেবে আটক আবুল হাসনাত রেজাউল করিম ও তাহমিদ হাসিব খান 'জিজ্ঞাসাবাদের পর্যায়ে' রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

এর আগে গুলশান হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক  হাসনাত ও প্রবাসী যুবক তাহমিদ আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়ার কথা জানায় পুলিশ। তবে তাদের পরিবারের বলছে, তারা নিখোঁজ। এই দু'জন এখন কোথায় আছে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান ডিএমপি কমিশনার। তিনি বলেন, 'তারা কোথায় আছে তা তদন্তকারীরা বলতে পারবেন। তাদের জিজ্ঞাসা করুন।'

শোলাকিয়ায় হামলার ঘটনা তদন্তে 'যথেষ্ট অগ্রগতি' হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, 'এ ঘটনায় জড়িত সন্ত্রাসীরা সবাই দেশি, দেশেই তারা প্রশিক্ষণ নিয়েছে। এ ঘটনায় দেশি বা আন্তর্জাতিক চক্র জড়িত থাকতে পারে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।'

গুলশান হামলার ঘটনায় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত পুলিশ কর্মকর্তা সালাউদ্দিনের মরণোত্তর বিচার চেয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বক্তব্য প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, 'ওসি সালাউদ্দিন জীবন বাজি রেখে কাজ করেছেন। সন্ত্রাসীদের উস্কে দেওয়ার জন্যই ডা. জাফরুল্লাহ একথা বলেছেন। তার বক্তব্য পুলিশ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।'

'সন্ত্রাসীদের উস্কে দেওয়ার' অভিযোগে ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, 'বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। কারণ কেউই আইনের ঊর্ধ্বে নয়।'

সংবাদ সম্মেলনে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.