Sylhet Today 24 PRINT

‘গণভোট হলে ৯৯ ভাগ ভোট রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে যাবে’

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৬

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেছেন, সরকার গণভোট দিলে ৯৯ ভাগ মানুষ রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে ভোট দেবে।

শনিবার রাজধানীর পল্টনের মুক্তি ভবনে জাতীয় কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, বিশ্বে একজন বিশেষজ্ঞও পাওয়া যাবে না যিনি বলবেন এ প্রকল্পে সুন্দরবনের ক্ষতি হবে না। রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবন ধ্বংস হবে। এটা নিশ্চিত যে দেশের সকল পর্যায়ের মানুষ এর বিরোধী।

সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষনা করা হয়। জানানো হয়, রামপাল বিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত সকল চুক্তি বাতিল করে সুন্দরবন রক্ষার দাবিতে আগামী ১৮ জুলাই ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি। এছাড়া ১৯ থেকে ২৬ জুলাই ঢাকা ও সুন্দরবন সংলগ্ন জেলাগুলাতে পদযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিবাদ জানানো হবে। পরে ২৮ জুলাই প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন হায়দার আকবর খান রনো, সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ, শহীদুল ইসলাম সবুজ, সুবল সরকার, ফখরুদ্দিন কবির আতিক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.