সিলেটটুডে ডেস্ক | ১৭ জুলাই, ২০১৬
আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামিকে হাইকোর্টের দেওয়ার খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
এই আদেশের ফলে ১১ আসামিকে খালাস করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রইলো এবং ওই ১১ আসামির মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
গত ১৪ জুলাই আপিল বিভাগ বিষয়টি শুনানির জন্য ১৭ জুলাই দিন নির্ধারণ করেন।
এর আগে গত ২১ জুন আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামিকে খালাস করে দেওয়া হাইকোর্টের রায় ১৪ জুলাই পর্যন্ত স্থগিত করেন সুপ্রিমকোর্টের চেম্বার বিচারপতির আদালত। সেইসঙ্গে বিষয়টি শুনানির জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চে পাঠিয়ে দেন।
হাইকোর্টের রায়ে খালাস পাওয়া ১১ আসামি হলেন আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, ফয়সাল (পলাতক), লোকমান হোসেন ওরফে বুলু, রনি মিয়া ওরফে রনি ফকির (পলাতক), খোকন (পলাতক), দুলাল মিয়া, রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী, জাহাঙ্গীর (পিতা মেহের আলী) ও মনির।
এর আগে গত ১৫ জুন আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড, ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে খালাস দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের কোর্ট বেঞ্চ।
২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। তার সঙ্গে খুন হন ওমর ফারুক রতন নামে আরও একজন।
ওই ঘটনায় করা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের উপর শুনানি শেষে হাইকোর্ট ৬ জনকে মৃত্যুদণ্ড, ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ আসামিকে খালাস দেন।