সিলেটটুডে ডেস্ক | ১৭ জুলাই, ২০১৬
ইতালিয় নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় ৭ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত, একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এ আসামিদের মধ্যে রয়েছে ঢাকা মহানগর বিএনপির নেতা ও সাবেক কমিশনার আব্দুল কাইয়ুম ও তার ভাই এমএ মতিনসহ ৭ জন।
রোববার (১৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাব্বির ইয়াসির আহসান চৌধুরী এই চার্জশিট গ্রহণ করেন এবং পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও মালামাল ক্রোকের আদেশ দেন।
এর আগে, গত ২৮ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের প্রসিকিউশন বিভাগে এ অভিযোগপত্রটি জমা দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযোগপত্রের অন্য আসামিরা হলেন কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন ও সোহেল।
এদের মধ্যে তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন। এছাড়া আসামি মতিনসহ স্বীকারোক্তি দেওয়া আসামিরা কারাগারে আটক রয়েছেন। অন্যদিকে কাইয়ুম ও সোহেল পলাতক রয়েছেন।
এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর গুলশান এলাকায় ইতালি নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যা করা হয়। তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও নামের একটি প্রতিষ্ঠানের গ্রুপ কর্মসূচির প্রকল্প (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) ব্যবস্থাপক ছিলেন। পুলিশের হাত ঘুরে এই মামলার তদন্তভার যায় ডিবি উত্তর বিভাগের হাতে।
এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর রাতে গুলশান থানায় একটি হত্যা মামলায় করা হয়।