সিলেটটুডে ডেস্ক | ১৭ জুলাই, ২০১৬
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় জঙ্গিদের আশ্রয়দাতা হিসেবে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাজধানীর ৪৪১/৮ পশ্চিম শেওড়াপাড়ার বাসা থেকে নুরুল ইসলাম নামের বাসার মালিককে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর বাড়ি থেকে একটি হাতে তৈরি গ্রেনেড ও জঙ্গিদের ব্যবহৃত কালো পোশাক উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া নুরুল ইসলাম জঙ্গিদের থাকার জায়গা দিয়েছিলেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। নুরুল ইসলাম মিরপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য সংগ্রহ না করা এবং তথ্য গোপন করার অভিযোগে বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানিয়েছেন।
এর আগে শনিবার জঙ্গি হামলায় জড়িতদের বাড়িভাড়া দেওয়ার ও তাদের তথ্য গোপনের অভিযোগে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্যসহ তিনজনকে আটক করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল।
গত ১ জুলাই গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় ঢুকে পড়ে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে ছয় জঙ্গি। পরদিন সকালে পরিচালিত সেনা কম্যান্ডো অভিযানে ছয় জঙ্গি নিহত হন। তার আগেই তারা জিম্মিদের মধ্যে ২০ জনকে হত্যা করেন; যাদের ১৭ জনই ছিলেন বিদেশি। এ ঘটনায় উদ্ধার অভিযানে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।