সিলেটটুডে ডেস্ক | ১৭ জুলাই, ২০১৬
গুলশান ও শোলাকিয়ায় হামলার সব তথ্য আগে থেকেই পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছিল বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক’ এই মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুলশান হামলার আগে এ বিষয়ে সব ধরনের গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল। গোয়েন্দা তথ্য ছিল, গুলশান এলাকায় কিছু একটা ঘটতে পারে। এ কারণে আমাদের সব ধরনের প্রস্তুতি ছিল। এর পেছনে কারা, কারা এদের মদদ দিয়েছে, তাও আমাদের জানা আছে।’
তিনি বলেন, ‘ঘটনার তিন মিনিটের মাথায় আমাদের পুলিশ সদস্য এসআই ফারুক সেখানে যান। তার গুলিবিদ্ধ হওয়ার খবর কমিশনার জানতে পেরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ঘটনাস্থলে যেতে বলেন। সেখানে হামলাকারীরা ভেতরে কী অবস্থায় ছিল, জিম্মিদের কী অবস্থায় রেখেছিল, তা জানার জন্য যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হয়েছিল। এরপর আপনারা সবাই দেখেছেন, সেনাবহিনীর নেতৃত্বে দক্ষতার সঙ্গে ১৩ মিনিটের মাথায় আমাদের অভিযান সফল হয়।’
মন্ত্রী বলেন, আমাদের কাছে সব তথ্য আছে, কারা মানুষ হত্যা করার মত ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত। তাদের ব্যাপারে সব জানি আমরা। আমরা কঠোর হতে চাই না, শান্তিপ্রিয় মানুষ শান্তি চাই। তাই আপনারা যারা পথভ্রষ্ট হয়েছেন তারা পথে ফিরে আসুন। একসময় মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গিরা টার্গেট করে তাদের অপকর্মে লিপ্ত করতো। ফলে আমরা সেখানে ব্যাপকভাবে নজরদারি করি এবং মাদ্রাসার ছাত্ররা যেন ভুল পথে পা না বাড়ায় সেব্যাপারে ব্যবস্থা নিতে আমরা সক্ষম হয়েছি। এখন মাদ্রাসা থেকে সরে গিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল এবং বিশ্বিবদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের টার্গেট করে তাদের জীবনকে বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এখন আমরা এখানে অনেক বেশি সচেতন হয়েছি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, আজ আপনাদেরকে ডেকেছি কিভাবে দেশকে এই অবস্থা থেকে বের করে আনা যায়। আপনারা আমাদেরকে পরামর্শ দিন। ইতোমধ্যে সরকারের সব উদ্যোগকে স্বাগত জানিয়ে আপনারাও সচেতন হয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়িয়েছেন এ জন্য আপনাদের অনেক ধন্যবাদ। অনেক আগে থেকেই আপনাদের প্রতি আমাদের এই আহ্বান ছিল। কিন্তু তখন এত সাড়া দেননি। এখন সাড়া দিয়েছেন কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ে যেন আর কোনও জঙ্গি সন্ত্রাসীদের উৎপত্তি না হয় সেদিকে আপনাদেরকেই খেয়াল রাখতে হবে।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সন্তানকে আপনারা সবসময় খেয়াল রাখবেন। তারা কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে। সবকিছু তদারকি করবেন। তাদের ভেতরে সামাজিকতা, সচেতনতা সৃষ্টি করার দায়িত্ব আপনাদের।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, র্যাব মহাপরিচালক ও পুলিশ প্রধান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, উপাচার্য, ছাত্র, শিক্ষক, অভিভাবক ও প্রতিনিধিরা।
আগামী ২৩ জুলাই দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন নেতাসহ শিক্ষকদেরও ডেকেছে সরকার। এ দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সভা করবেন শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির কর্মকর্তারা। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।