Sylhet Today 24 PRINT

জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগ: নর্থ সাউথের প্রো ভিসি সাময়িক বরখাস্ত

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৬

গুলশানের ক্যাফেতে হামলকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ‍গিয়াসউদ্দিন আহসান সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম সোমবার উপ-উপাচার্যকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগের পরিচালক বেলাল আহমেদ।

তিনি বলেন, “মাননীয় উপাচার্য বলেছেন, যেহেতু তাকে (গিয়াসউদ্দিন আহসান) ৫৪ ধারায় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে সাময়িক বরখাস্ত করা হল।”

হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের নিজের ফ্ল্যাট ব্যবহার করতে দেওয়ার অভিযোগে গত শনিবার গ্রেপ্তার হন গিয়াসউদ্দিন।

গুলশানে হামলাকারী পাঁচজনের মধ্যে নর্থ সাউথের এক ছাত্র ছিলেন। উদ্ধার জিম্মিদের মধ্যে নর্থ সাউথের এক শিক্ষককে নিয়েও পুলিশ সন্দেহের কথা জানিয়েছিল।  

ওই হামলার ছয় দিনের মধ্যে শোলাকিয়ায় পুলিশের উপর হামলাকারী একজনও ছিলেন বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

শিক্ষক-শিক্ষার্থীদের জঙ্গিবাদী তৎপরতায় জড়িয়ে পড়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে একদিন আগেই সরকারের উদ্যোগে আয়োজিত এক সভায় জঙ্গিবাদের ‘ক্যান্সার’ অপসারণে ‘অপারেশন’ চালানোর ঘোষণা দিয়েছিলেন উপাচার্য আতিকুল।

তার একদিন বাদেই উপ-উপাচার্যকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিলেন তিনি।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়াসউদ্দিনের ফ্ল্যাটে গুলশান হামলাকারীরা মিলিত হয়েছিল বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

শনিবার ওই ফ্ল্যাটটিতে অভিযান চালিয়ে বালুভর্তি কার্টন, জঙ্গিদের কাপড়চোপড়সহ বিভিন্ন মালামালও জব্দের কথা জানান ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান। বালুভর্তি এই কার্টনগুলোতে গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করেছেন পুলিশ কর্মকর্তারা।

এই ঘটনায় গিয়াসউদ্দিনের ভাগনে আলম চৌধুরী ও ওই ফ্ল্যাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিনকেও গ্রেপ্তার করা হয়।

রোববার তাদের আদালতের মাধ্যমে আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.