Sylhet Today 24 PRINT

জঙ্গিদের ডিএনএ নমুনা এফবিআইকে হস্তান্তর

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০১৬

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার আগে জঙ্গিরা নেশাজাত দ্রব্য সেবন করেছিল কি না, তা জানতে ৬ জঙ্গির ডিএনএ নমুনা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই প্রতিনিধির কাছে হস্তান্তর করেছে পুলিশ।

শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ খবর নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান।

ডিসি মাসুদ জানান, শুক্রবার সকালে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ডিএনএ নমুনাগুলো এফবিআই প্রতিনিধির কাছে হস্তান্তর করে। এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাসুদুর রহমান বলেন, ''আদালতের অনুমতি নিয়েই জঙ্গিদের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত যেসব পরীক্ষা দেশে সম্ভব, সেগুলো সিআইডির ল্যাবে করা হচ্ছে। আর যেগুলো দেশে সম্ভব না, সেগুলো এফবিআই ল্যাবে পাঠানো হয়েছে.'' বলেন তিনি।

গত ১ জুলাই রাতে একদল জঙ্গি গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঢুকে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। পরদিন সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নিরাপত্তা বাহিনী নেওয়ার পর ছয় হামলাকারী নিহত হওয়ার তথ্য জানায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.