সিলেটটুডে ডেস্ক | ২২ জুলাই, ২০১৬
জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষ সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, সবার চেষ্টায় সামাজিক আন্দোলন গড়ে তোলা গেলেই দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল সম্ভব হবে।
শুক্রবার (২২ জুলাই) রাঙামাটিতে পুলিশ অফিসার্স মেস ভবন উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মাধ্যমে জঙ্গিবাদ দাবিয়ে রাখা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, 'অভিযানে অনেকে গ্রেফতার হয়েছে ও পুলিশের ক্রসফায়ারে অনেকে মারা গেছে। এখন জঙ্গিবাদ অনেকটাই কমে এসেছে।'
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'পার্বত্যাঞ্চলের সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ প্রায়ই অভিযান পরিচালনা করে। তবে ভৌগলিক কারণে এ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার কঠিন। এর পরও সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে ও অনেক অস্ত্রও উদ্ধার হয়েছে।'
এ সময় আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
রাঙামাটি পৌর কার্যালয়ের পাশে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের সহায়তায় পুলিশ অফিসার্স মেস ভবনটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনের সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আইজিপি শহরের সুখী নীলগঞ্জের পুলিশ লাইনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া সন্ধ্যায় তিনি রাঙামাটি সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কমিউনিটি পুলিশিং সভায় যোগ দেন।