Sylhet Today 24 PRINT

সৌদিতে অবিবাহিত বাংলাদেশি পুরুষদের ভিসা স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৬

বাংলাদেশ থেকে ‘সিঙ্গেল’ বা অবিবাহিত পুরুষ গৃহকর্মী নেওয়া সাময়িকভাবে বন্ধ করেছে সৌদি আরব। সৌদি আরবের শ্রম ও সামজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ শনিবার দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর প্রকাশ করে।

দেশটির শ্রম ও সামজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, পুরুষ গৃহকর্মী প্রয়োজন হলে বাংলাদেশ বাদে অন্য কোনো দেশ থেকে চাহিদা মিটিয়ে নিতে। এ ছাড়া এই স্থগিতাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো পুরুষ গৃহকর্মী নেওয়া যাবে না বলেও উল্লেখ করা হয়।

সৌদির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি ছাড়া অন্য দেশ থেকে লোক নিয়োগের ক্ষেত্রে তিনটি শর্ত মেনে চলতে হবে। গৃহকর্মীর চাহিদা মেটাতে সৌদি আরবের নাগরিকদের আহ্বান জানানো হয়েছে ‘মোসানেদ’ ওয়েবসাইটের মাধ্যমে অন্য দেশ থেকে শ্রমিক খুঁজে নিতে।

অন্য দেশ থেকে পুরুষ গৃহকর্মী নেওয়ার অনুমতি অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রিত এবং তা নির্ভর করে যিনি নিয়োগ দেবেন তার বৈবাহিক অবস্থার ওপর। ড্রাইভার,গৃহস্থালির কাজ এবং পুরুষ নার্স এ তিন ক্যাটাগরিতে অন্য দেশ থেকে লোক নিয়োগ দেওয়া যাবে। এছাড়া বিবাহিত বাংলাদেশি পুরুষদের গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া যাবে বলে মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল-খাইল এক টুইট বার্তায় জানিয়েছেন,অন্য দেশের শ্রমিকদের অগ্রাধিকার এবং ‘কিছু যৌক্তিক সমস্যার’ কারণে সৌদি আরব বাংলাদেশি অবিবাহিত পুরুষ গৃহকর্মীদের নিয়োগ সাময়িকভাবে স্থগিত করা হলো।

আট বছর বন্ধ থাকার পর গত বছর সৌদি সরকার বাংলাদেশি পুরুষ ও নারী গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করে। এক বছর যেতে না যেতেই এবার অবিবাহিত পুরুষ গৃহকর্মী নেওয়া স্থগিত করল দেশটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.