সিলেটটুডে ডেস্ক | ২৪ জুলাই, ২০১৬
বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ১০ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার এ মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ থাকলেও খালেদা হাজির না হয়ে আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম খালেদাসহ অন্য আসামিদের হাজির হতে এ নির্দেশ দেন।
এ মামলায় জামিনে থাকা নয় আসামির মধ্যে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ছাড়া বাকি সবাই এদিন অনুপস্থিত ছিলেন বলে আসামিদের অন্যতম আইনজীবী খায়রুল কবির জানান।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা হয়। ওই বছর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি করেছেন।