Sylhet Today 24 PRINT

গুলশান হামলার রহস্য উদঘাটিত হয়েছে : ডিএমপি কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৬

গুলশান হামলার রহস্য উদঘাটিত হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি দাবি করেন, অপরাধীদের গ্রেফতার এখন সময়ের ব্যাপার মাত্র।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, 'কারা কীভাবে এই ঘটনা ঘটিয়েছে তার তথ্য পেয়েছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি অচিরেই তাদের আইনের আওতায় আনতে পারব।'

তিনি জানান, জনগণের নিরাপত্তার জন্য যা করা দরকার তাই করা হবে। ইতোমধ্যে রাজধানীতে চেকপোস্ট বাড়ানো হয়েছে। প্রয়োজনে আরো ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানের হলে আর্টিজান রেস্টুরেন্টে ঢুকে ২০ জন দেশী ও বিদেশী নাগরিককে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের হামলায় নিহত হন দুই পুলিশ অফিসারও। অবশেষে পুলিশের গুলিতে নিহত হয় ৫ জঙ্গি, আটক করা হয় একজনকে।

সিরিয়া ও ইরাকভিত্তিক ইসলামিক স্টেট (আইএস) গুলশান হামলার দায় স্বীকার করেছে বলে খবর এলেও বাংলাদেশের পুলিশ বলছে, জেএমবি ও সমমনা দেশীয় জঙ্গিরাই রয়েছে ওই হামলার পেছনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.