Sylhet Today 24 PRINT

জেএসসি পরীক্ষা বন্ধের দাবিতে হাইকোর্টে রিট

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০১৬

পাবলিক পরীক্ষা হিসেবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা বন্ধের জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেন।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েল সচিব, আটটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কারিগরী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ বলেন, রিটে জেএসসি পরীক্ষা পাবলিক পরীক্ষা হিসাবে নেয়ার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা এবং ২০১৬ সাল থেকে জেএসসি পরীক্ষা পাবলিক পরীক্ষা হিসাবে না নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। রুল শুনানি না হওয়া পর্যন্ত ২০১৬ সাল হতে জেএসসি পরীক্ষা পাবলিক পরীক্ষা হিসাবে না নেয়ার জন্য নিষেধাজ্ঞার প্রার্থনা করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধ্যাদেশ- ১৯৬১ অনুযায়ী সকল শিক্ষা বোর্ডের এসএসসি/এইচএসসি এবং সমমানের পরীক্ষা পাবলিক পরীক্ষা হিসেবে অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৭১ সালের পর থেকে এ পর্যন্ত ঐ আইনে জেএসসি পরীক্ষা বলতে কিছু নেই। এছাড়া বিশ্বের সকল দেশে ‘ও লেভেল’ এবং ‘এ লেভেল’ পরীক্ষা পাবলিক পরীক্ষা হিসেবে অনুষ্ঠিত হয়। কিন্তু নিম্নের কোন পরীক্ষাই পাবলিক পরীক্ষা হিসেবে গ্রহণ করা হয় না। এছাড়া জেএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত সংবিধানের ৭/১৫/১৭/২৬/২৭/৩১/৩২/৩৪ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয়। জেএসসি পরীক্ষা নেয়ার সরকারের এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের মেধা শূন্য করছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.