Sylhet Today 24 PRINT

চট্রগ্রামে ৫ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৬

উড়ো চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে। নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় জিডি করেছেন ড. অনুপম সেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে ড. অনুপম সেনের কাছে একটি উড়ো চিঠি আসে। ডাকযোগে পাঠানো চিঠিতে তারিখ দেওয়া আছে জুলাই মাসের ২৫, যার ফরম নম্বর ট-০৩০০।

ওই চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য ড.অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ডা. চন্দন দাশ এবং ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালিকে।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, 'হত্যার হুমকি পেয়ে থানায় একটি জিডি করেছেন ড. অনুপম সেন।  যার নম্বর ১৯১৮। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।'

হুমকি দিয়ে পাঠানো ওই খোলা চিঠিতে লেখা হয়, ‘চট্টগ্রামে ভারতের প্রধান দালাল ড.অনুপম সেন,  ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের প্রধান দালাল ড.ইফতেখার উদ্দিন চৌধুরী,  ‘চট্টগ্রামের সাংবাদিকদের প্রধান আওয়ামী দালাল রিয়াজ হায়দার চৌধুরী,  ‘আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের চট্টগ্রামের প্রধান দালাল শওকত বাঙালী এবং  গণজাগরণ মঞ্চের প্রধান দালাল ডা. চন্দন দাশ।

ওই পাঁচজনকে উদ্দেশ্য চিঠিতে লেখা হয়, ‘আগামী কোরবানী ঈদ আপনাদের জন্য শেষ ঈদ। একাত্তর সালে মিমাংসিত যুদ্ধাপরাধ নিয়ে আপনাদের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে ঐ দিনই গরুর সাথে আপনাদেরও কোরবানী করা হবে। দেশের মানুষকে বিভ্রান্ত করায় তোমাদের জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে। জীবনের যাবতীয় ইচ্ছা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করে দেয়ার নির্দেশ দেয়া গেলো। নির্দিষ্ট সময়ের আগেই আমাদের পরিচয় প্রকাশ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.