Sylhet Today 24 PRINT

অধ্যাপক রেজাউলের হত্যাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় পলাতক দুই আসামিকে ধরিয়ে দিতে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে রাজশাহী মহানগর পুলিশ।

আজ শুক্রবার (২৯ জুলাই) দুটি জাতীয় দৈনিকে ওই দুই আসামির ছবিসহ নাম ও পরিচয় প্রকাশ করে পুরস্কার ঘোষণার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম ওরফে খালিদ ও পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার সোনারহার গ্রামের আব্দুল্লাহ মিয়া ওরফে মুন্নার ছেলে নজরুল ওরফে হাসান ওরফে বাইক হাসান অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট  পলাতক আসামি। এদের সম্পর্কে তথ্যদাতাদের রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা করে পুরস্কৃত করা হবে। তথ্যদাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে।

তথ্য দিতে ০১৭১৩-৩৭৩৩০৩ অথবা ০১৭১৩-৩৭৩৩০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

জানা গেছে, শরিফুল ইসলাম ওরফে খালিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন তিনি। গত ৪ জুলাই শরিফুলের সন্ধান চেয়ে বাগমারা থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। অপর পলাতক আসামি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসার অদূরে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে অধ্যাপক সিদ্দিকীকে। ওই দিন বিকেলে অধ্যাপকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। পরদিন ২৪ এপ্রিল পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) মামলার তদন্তভার দেওয়া হয়।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে হাফিজুর রহমান নামে এক শিবিরকর্মী পুলিশ হেফাজতে 'অসুস্থ' হয়ে মারা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.