Sylhet Today 24 PRINT

কেরানীগঞ্জের নতুন কারাগারে বন্দীদের স্থানান্তর সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৬

শুক্রবার সকালে শুরু হওয়া কেন্দ্রীয় কারাগার থেকে সব বন্দীদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর প্রক্রিয়া রাত ১০টায় সম্পন্ন হয়েছে।

জানা গেছে, সর্বশেষ ট্রিপে ১৮৪ জন আসামিকে স্থানান্তর করা হয়। এর ফলে সকাল থেকে শুরু হওয়া এ স্থানান্তর প্রক্রিয়ায়  মোট ৬ হাজার ৫১১ আসামিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হল। একই সাথে ইতিহাসের পাতায় ঠাই নিল পুরান ঢাকায় অবস্থিত কারাগার।

এদিকে, আসামি স্থানান্তরকে কেন্দ্র করে নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারদিকের রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। কারাগার এলাকায় প্রবেশের চারদিকের পথ অর্থাৎ চাঁনখাঁরপুল, বংশাল, চকবাজার, বেগম বাজারের সড়ক থেকে কারাগারের দিকে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছিল।

গত বছরের জুন, নভেম্বর এবং এ বছরের এপ্রিল ও জুন মাসে আসামিদের স্থানান্তরের কথা উঠলেও নানা কারণে তা পিছিয়ে যায়। অবশেষে আজ (২৯ জুলাই, শুক্রবার) বন্দীদের স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হলো।

উল্লেখ্য, কেরানীগঞ্জের নতুন এই কেন্দীয় কারাগারটি প্রায় ১৯৪ একর জায়গা নিয়ে নির্মিত। এর ধারণ ক্ষমতা প্রায় ৬ হাজার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.