Sylhet Today 24 PRINT

টেকনাফে রোহিঙ্গা বস্তিতে জঙ্গিসহ সৌদি নাগরিক আটক, এমপি বদির ‘পলায়ন’

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৬

কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা বস্তি থেকে জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারেটি অর্গানাইজেশনের (আরএস) এর  নেতা, সৌদি নাগরিকসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। এসময় সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদি বিজিবিকে বাধা দিতে না পেরে পালিয়ে যান।

শনিবার (৩০ জুলাই)  দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুরে এ অভিযান চালানোর  সময় বাধা দেন  সরকারদলীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে সরে পড়েন এ জনপ্রতিনিধিরা।

বিজিবি টেকনাফস্থ ২ নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, শাপলাপুরে অবস্থিত অবৈধ রোহিঙ্গা বস্তিতে নগদ টাকা এবং ত্রাণ বিতরণের খবর পেয়ে টেকনাফ উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযানে যায়। সেখান থেকে আটক করা হয় রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসওর নেতা হাফেজ ছালাউল ইসলাম, মৌলভী ছৈয়দ করিম, মওলানা মো. ইব্রাহিম এবং একজন সৌদি নাগরিককে।

এসময় ঘটনাস্থলে অবস্থান করে বাধা দেন স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দিন এবং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন। বিজিবির অভিযানে পরিস্থিতি বেগতিক দেখে এ ৪ জনপ্রতিনিধি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আটকদের বিজিবি ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জিজ্ঞাসাবাদের পর আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.