Sylhet Today 24 PRINT

ডেসটিনির রফিকুল-হোসেনের জামিন স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৬

দুর্নীতির দুই মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ১১ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে রবিবার এ স্থগিতাদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।

মোহাম্মদ রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনের পক্ষে আদালতে শুনানি করেন আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি জানান, এ আদেশের ফলে আপাতত মুক্তি পাচ্ছেন না আসামিরা। হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ পেলে জামিন বাতিলে লিভ টু আপিল করবেন বলেও জানান তিনি।

গত ২০ জুলাই বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ শর্তসাপেক্ষে এ দুজনের জামিন মঞ্জুর করেন। এরপর জামিন স্থগিত চেয়ে আবেদন জানায় দুদক। গত ২৪ জুলাই এ আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে ৩১ জুলাই শুনানির দিন ধার্য করেন চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দারের আদালত।

দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই তাদের বিরুদ্ধে অর্থপাচার ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন। এ দুই মামলায় আসামিরা ২০১২ সালের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তারা কারাবন্দি রয়েছেন।

এর আগে দুই আসামি জামিন চেয়ে আবেদন জানালে ২০১৪ সালের আগস্টে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাদেরকে কেন জামিন দেওয়া হবে না- তার কারণ জানতে চেয়ে রুল জারি করেন। পরে অবশ্য ২০১৫ সালের ১৩ মে সে রুল খারিজ হয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.