Sylhet Today 24 PRINT

নাতনিকে ধর্ষণ, লজ্জায় হাজতে দাদার আত্মহত্যা

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৬

১৩ বছর বয়সী স্কুল পড়ুয়া নাতনিকে ধর্ষণ করে পুলিশের হাতে আটক হন দাদা আব্দুল মন্নাছ (৫৮)। এরপর পুলিশ আটক করে থানায় নিয়ে এলে লজ্জায় হাজতেই আত্মহত্যা করেছেন তিনি।

রোববার (৩১ জুলাই) রাজধানীর আদাবর থানা হাজতে গলায় ফতুয়া পেঁচিয়ে আত্মহত্যা করেন আব্দুল মন্নাছ। থানার সিসি টিভির ক্যামেরায় ধরা পড়েছে তার আত্মহত্যার দৃশ্য।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মারুফ জানান, আব্দুল মন্নাছ পরিবার নিয়ে আদাবর থানা এলাকার মেহেদীবাগের ১ নম্বর রোডের জসিম ম্যানেজারের বাড়িতে ভাড়া থাকতেন। সঙ্গে থাকতেন ছেলে, ছেলের বউ ও ১৩ বছর বয়সী নাতনি। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের শিংকালে।

শনিবার (৩০ জুলাই) বিকেলে আব্দুল মন্নাছের নাতনি ধর্ষণের শিকার হন। এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেন ধর্ষিতার পরিবার। অভিযোগে সন্দেহভাজন হিসেবে স্থানীয় এক যুবকের নাম উল্লেখ করা হয়। পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে নির্দোষ দাবি করে।

পরে পুলিশ আব্দুল মন্নাছের নাতনির সাথে কথা বলে জানতে পারে তার দাদাই তাকে ধর্ষণ করেছেন। এরপর পুলিশ আব্দুল মন্নাছকে আটক করে থানায় নিয়ে আসে। রোববার ভোরে হাজতের ভেতর গলায় ফতুয়া পেঁচিয়ে আত্মহত্যা করেন মন্নাছ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.