সিলেটটুডে ডেস্ক | ০১ আগস্ট, ২০১৬
লাখো শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও র্যালিতে অংশ নিয়ে দেশ ও মানবতাবিরোধী এ নাশকতার বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছে।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নজিরবিহীন জঙ্গি হামলার এক মাস পূর্তি উপলক্ষে সারাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গিবাদ বিরোধী এ মানববন্ধন ও র্যালির ডাক দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বানে সাড়া দিয়ে দেশের সরকারি-বেসরকারি মোট ১৩৪টি বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের এক হাজার ৩০০ মাদ্রাসা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দুই হাজার ১০০ কলেজে একযোগে এ কর্মসূচি চলে।
সারাদেশের মত সিলেটেও বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এ কর্মসূচিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশ নিয়েছেন। এছাড়াও এ কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ করতেও দেখা যায়।
কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ায় আহ্বান জানান।
এর আগে রোববার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, 'এতে দেশের সব জেলার ৪৫ থেকে ৫০ লাখ মানুষ অংশ নেবে। সমাজের সর্বস্তরে এই বার্তা পৌঁছে দিতে হবে যে সব ধরনের শিক্ষাঙ্গন জ্ঞানচর্চার জায়গা, জঙ্গিবাদের জায়গা নয়।'
গত ২৪ জুলাই ইউজিসির সচিব ড. মোহাম্মদ খালেদ স্বাক্ষরিত এক চিঠিতে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টারকে এ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ ১ আগস্ট হলি আর্টিজান রেস্তোরাঁর মর্মান্তিক ঘটনার এক মাস পূর্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও আরবি বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত প্রায় তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠানকেও একই কর্মসূচি পালন করতে বলা হয়েছে।