Sylhet Today 24 PRINT

মহড়া : আজ রাজধানীর অনেক জায়গায় ইন্টারনেট বন্ধ থাকবে

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০১৬

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর এধরণের যেকোনো পরিস্থিতিতে সন্ত্রাসীরা যাতে কোন ধরণের যোগাযোগ রক্ষা করতে না পারে সেজন্যে তাৎক্ষণিক ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার মহড়া করতে যাচ্ছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী সোমবার (১ আগস্ট) বিকেল থেকে মধ্য রাতের মধ্যে বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য এই মহড়া হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর মধ্যে এক বৈঠকে  ‘ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করার অনুশীলন’-এ সিদ্ধান্তটি নেয়া হয়।

সংশ্লিষ্ট সকল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি)-কে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিআরটিসি তাদের বলেছে যে, এই নির্দেশনা পাওয়া মাত্র, নির্দেশ প্রাপ্তির সময় উল্লেখ করে তাৎক্ষণিক জবাব দিতে।

এরপর, আইসপিকে ই-মেইলের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট একটি এলাকায় ইন্টারনেট সংযোগ সম্পূর্ণই বিচ্ছিন্ন করা নিশ্চিত করতে হবে বলে তিনি জানান।

ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পর আরেকটি ফিরতি ই-মেইলে তা বিটিআরসিকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। এই ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন কারার অনুশীলনটি আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আইএসপিএবি-র সেই সদস্য জানান।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, “সোমবার বিকেল থেকে মধ্য রাত অবধি ঢাকার কোনো কোনো এলাকা এ মহড়ার আওতায় আসবে। তবে এলাকার নাম বলা যাচ্ছে না।”

মোবাইল ইন্টারনেট থেকে শুরু করে তারযুক্ত ইন্টারনেটসহ (ফিক্সড ব্রডব্যান্ড) সব ধরনের ইন্টারনেট সেবা এই মহড়ার অন্তর্ভুক্ত হবে জানিয়ে বিটিআরসি প্রধান বলেন, “এই মহড়া ১৫ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত হতে পারে।”

যে সব এলাকার ইন্টারনেট বন্ধ থাকবে সেসব এলাকার গ্রাহকদের আগে থেকে জানানো হবে কিনা বা এভাবে সেবা বন্ধ রাখলে গ্রাহক স্বার্থ লঙ্ঘিত হবে কিনা- এমন প্রশ্নে শাহজাহান মাহমুদ বলেন, “আগে থেকে জানানো সম্ভব হচ্ছে না, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র কিছু সমস্যা তো মেনে নিতেই হবে।”

গত ১ জুলাই রাতে একদল অস্ত্রধারী তরুণ গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালালে দেশি-বিদেশি অতিথিরা ভেতরে আটক পড়েন। জিম্মি সঙ্কটের মধ্যে জঙ্গিদের ঠেকাতে গিয়ে বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

ওই পরিস্থিতিতে জঙ্গিদের যোগাযোগের পথ বন্ধ করতে গুলশান ২ নম্বর সেকশনের ৭৯ নম্বর সড়ক ও আশপাশের ব্রডব্যান্ড সংযোগ বন্ধ করে দেওয়া হলেও মোবাইল ইন্টারনেট চালু থাকে।

পরদিন ভোরে কমান্ডো অভিযান চালিয়ে সশস্ত্র বাহিনী ওই ক্যাফের নিয়ন্ত্রণ নেয়। অবশ্য তার আগেই ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। গভীর রাতেই তারা রক্তাক্ত লাশের ছবি ইন্টারনেটে তুলে দেয়, যা আইএস এর বরাত দিয়ে প্রকাশ করে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

সেই রাতে ক্যাফের জঙ্গিরা বিশেষ একটি অ্যাপ ব্যবহার করে বাইরে যোগাযোগ করেছিল বলে পরে গণমাধ্যমে খবর আসে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীও মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করায় সে সময় মোবাইল ইন্টারনেট ব্যবহার করা হয়নি।

মোবাইল যোগাযোগ ঠিক রেখে ডেটা ট্রান্সফার বন্ধ রাখা সম্ভব কি না- এ নিয়ে পরে বিভিন্ন মহলে আলোচনা হয়। এ প্রেক্ষাপটেই বিটিআরসি মহড়া করার উদ্যোগ নিল।

বর্তমানে দেশে ২৭টি ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান এবং বিটিআরসি-র হিসাবে ৪৯০টি আইএসপি ইন্টারনেট সেবা দিচ্ছে। বিটিআরসির হিসাবে জুন পর্যন্ত দেশে ইন্টারনেট গ্রাহক ছিল ৬ কোটি ৩২ লাখের বেশি। এর মধ্যে ৫ কোটি ৯৬ লাখের বেশি গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.