Sylhet Today 24 PRINT

আইনমন্ত্রীকে কটূক্তি করায় রাবি শিক্ষক বহিষ্কার

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০১৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে কটূক্তি করে মন্তব্য করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষক হলেন আইন বিভাগের প্রভাষক মো. শিবলী ইসলাম।

সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে ৪৫৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কটূক্তির ঘটনা তদন্তে রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হককে আহ্বায়ক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. ফয়জার রহমান ও সিন্ডিকেট সদস্য অ্যাডভোকেট মো. ইব্রাহিম হোসেনকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে সিন্ডিকেট।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গুলশান হামলার পর আইনমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন শিক্ষক শিবলী ইসলাম। কটূক্তি করার প্রতিবাদে মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় বরাবর চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৭ ধারা অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।

এই ঘটনায় মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় বিশ্ববিদ্যালয়কে ওই শিক্ষকের বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এ জন্য বিশেষ সিন্ডিকেট সভায় সব সদস্যের সম্মতিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার এবং এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.