Sylhet Today 24 PRINT

পুলিশের নজরদারীতে হাসনাত : আইজিপি

সিলেটটুডে ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৬


গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার পর সেখান থেকে সহজেই বের হয়ে যাওয়া এবং জঙ্গিদের সাথে সন্দেহজনক চলাফেরা করা  হাসনাত করিম পুলিশের নজরদারীতে আছে বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

মঙ্গলবার পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

তবে হাসনাত করিম কোথায় আছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি আইজিপি। যদিও পরিবারের দাবি হাসনাত করিম পুলিশের কাছেই আছে।

তিনি বলেন, ‘গুলশান হামলার ঘটনায় হাসনাত করিম সন্দেহমুক্ত নয়। হামলার পূর্বে এবং ঘটনার দিন তার কার্যক্রম সন্দেহজনক ছিল।  যখন প্রয়োজন হবে আমরা তাকে জিজ্ঞাসবাদ করার জন্য আটক করবো।’

উল্লেখ্য, গুলশান হামলার পর জিজ্ঞাসাবাদের জন্য হাসনাত করিমসহ বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে সবাইকে ছেড়ে দিলেও এখনো হাসনাত করিম বাড়ি ফেরেননি বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। তবে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে একাধিকবার দাবি করেছে পুলিশ। হাসনাত করিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ তার চাকরি চলে যাওয়ার খবর রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.