Sylhet Today 24 PRINT

সকল পিস স্কুল বন্ধের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৬

সংগৃহিত

অনুমোদনহীন সকল ‘পিস স্কুল’ অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। বাংলাদেশে ভারতীয় বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধের পর দেশে অনুমোদনহীন পিস স্কুলগুলোও বন্ধের এ নির্দেশ দেয়া হলো।

মঙ্গলবার (০২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয় সম্প্রতি এক অফিস আদেশে অনুমোদনহীন পিস স্কুলসমূহ অবিলম্বে বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়াও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি চট্টগ্রামে একটি পিস স্কুলে দেশের স্বাধীনতাবিরোধি শিক্ষাদান করার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। এরপর থেকেই দেশব্যাপী পিস স্কুল বন্ধের ব্যাপারে দাবি উত্থাপন করেন সচেতন নাগরিকরা।

মন্ত্রণালয়ের এ বিজ্ঞপ্তিতে লালমাটিয়ায় পিস ইন্টারন্যাশনাল স্কুলের পাঠদানের অনুমতি বাতিলের জন্য ঢাকা শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য ‘পিস’ নামে বাংলাদেশে কতটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, সে বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

তবে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সূত্র মন্ত্রণালয় বরাবর জানায়, রাজধানীর লালমাটিয়ায় পিস স্কুল নামে একটি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের সাময়িক নিবন্ধনই শুধু দিয়েছেন তারা। বাকিগুলো অননুমোদিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.