Sylhet Today 24 PRINT

আইএস জঙ্গিরা মুক্তি দিলো দুই বাংলাদেশিকে

নিউজ ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৫

অপহরণের ১৮ দিন পর আইএস (ইসলামিক স্টেট) জঙ্গিদের হাতে জিম্মি হয়ে যাওয়া দুই বাংলাদেশি মুক্তি পেয়েছেন। লিবিয়ার আল গানি তেলক্ষেত্র থেকে তারা অপহৃত হন। 

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সন্ধ্যায় মুক্তি পাওয়ার পর হেলাল উদ্দিন ও মোহাম্মদ আনোয়ার হোসেনকে সিরাতের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে। তারা দুই জনই সুস্থ আছেন।
আইএস জঙ্গিরা গত ৯ মার্চ লিবিয়ার সিরাত শহরের দক্ষিণে আল গানি তেলক্ষেত্রে হামলা চালিয়ে ১১ জন নিরাপত্তারক্ষীকে হত্যা করে।

নিরাপত্তা বাহিনী ওই তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর নয়জন কর্মীর অপহৃত হওয়ার বিষয়টি জানা যায়। তাদের মধ্যে বাংলাদেশের দুজন ছাড়াও চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন।

বাংলাদেশি ওই দুই জনের মধ্যে আনোয়ারের বাড়ি নোয়াখালীতে এবং হেলালের জামালপুরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.