Sylhet Today 24 PRINT

রিজার্ভ চুরি যাওয়া অর্থ পুনরুদ্ধারে ম্যানিলা যাচ্ছে প্রতিনিধি দল

সিলেটটুডে ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৬

চলতি সপ্তাহে রিজার্ভের চুরি যাওয়া ৬ কোটি ৩০ লাখ ডলার পুনরুদ্ধারের জন্য ফিলিপাইনের রাজধানী ম্যানিলা যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল, ডিপার্টমেন্ট অব জাস্টিস, কেন্দ্রীয় ব্যাংক ও আরসিবিসির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে প্রতিনিধি দলটির।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা দেবপ্রসাদ দেবনাথ ও আব্দুল রব, আইনজীবী আজমালুল হোসাইন ও ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত জন গোমেজ। খবর রয়টার্স।

ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের কাছে আরসিবিসির রিরুদ্ধে কোনো অভিযোগ তোলা হবে কি না এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জানান, আলোচনার মাধ্যমেই চুরি যাওয়া অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করছে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরির সঙ্গে আরসিবিসির সম্পৃক্ততা প্রসঙ্গে দেশটির তদন্ত কর্মকর্তারা বলছেন, ব্যাংকটির প্রযুক্তিগত ত্রুটি কাজে লাগিয়েই এ অর্থ চুরি করতে সক্ষম হয়েছে হ্যাকাররা। অন্যদিকে চুরি যাওয়া এসব অর্থ ফিলিপাইনের ক্যাসিনোয় ব্যবহার করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।

হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরির পর থেকেই আরসিবিসির একাধিক কর্মকর্তার দিকে সন্দেহের আঙুল ওঠে। এমনকি আরসিবির সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপককেও এ নিয়ে তদন্তের মুখোমুখি হতে হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, চুরি যাওয়া অর্থ স্থানান্তরের ক্ষেত্রে যথাযথ নিয়ম মানেনি আরসিবিসি। অবৈধভাবেই এসব অর্থ স্থানান্তর করেছে ব্যাংকটি। সবমিলিয়ে আরসিবিসিকেই এ ধরণের ক্ষতির জন্য দায়ী করেছে বাংলাদেশ ব্যাংক। অবশ্য এ দাবির পেছনে পর্যাপ্ত তথ্য প্রমাণও রয়েছে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.