সিলেটটুডে ডেস্ক | ০৩ আগস্ট, ২০১৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর খোঁজ মিলছে না সোমবার (১ আগস্ট) বিকেল তিনটা থেকে। তাঁর ব্যক্তিগত গাড়ি-চালকও নিখোঁজ রয়েছেন।
এই ঘটনায় গতকাল রাতে তার ভগ্নিপতি চট্টগ্রাম নগরের খুলশি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ হওয়া সাবেক ওই শিক্ষার্থীর নাম জুনায়েদ হোসেন ওরফে আকিব (২৫)। তাঁর গাড়ির চালকের নাম মোহাম্মদ মোস্তফা (৩০)। আর ব্যক্তিগত গাড়ির নম্বর (চট্টমেট্রো-গ ১১-৭২৭৯)।
এই ঘটনায় জুনায়েদের ভগ্নিপতি এসএম আবুল মঞ্জুর সোমবার রাতেই খুলশি থানায় জিডি করেছেন।
আবুল মঞ্জুর বলেন, ব্যক্তিগত কাজে সোমবার দুপুরে গাড়ি নিয়ে আগ্রাবাদ গিয়েছিলেন জুনায়েদ। বিকেল তিনটার দিকে তার মোবাইলে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার ও গাড়ি চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
জুনায়েদের পরিবার জানায়, জুনায়েদ নর্থ সাউথ থেকে বিবিএ পাস করে চট্টগ্রামে চলে আসেন। চলতি বছরে ফেব্রুয়ারিতে তার বাবা আলতাফ হোসেন চৌধুরী মারা যান। আলতাফ হোসেন মুক্তিযোদ্ধা ছিলেন। সাত বোন ও এক ভাইয়ের মধ্যে জুনায়েদ সবার ছোট।
খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, জুনায়েদের খোঁজে পুলিশ মাঠে কাজ করছে।