সিলেটটুডে ডেস্ক | ০৩ আগস্ট, ২০১৬
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পিস স্কুলের শিক্ষক, পরিচালকরা স্বাধীনতা বিরোধী পক্ষের । দেশে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদনহীন এর মধ্যে পিস স্কুল অন্যতম। মিডিয়া ও পুলিশ এজেন্সির মাধ্যমে এ স্কুলের অনেকগুলো শাখার তথ্য পেয়েছি।
বুধবার (৩ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইয়াং চেঞ্জ মেকার্স কোয়ালিশন’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় পিস স্কুলের শাখায় যে মানসিকতায় শিক্ষার্থীদের গড়ে তোলা হয়, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মঙ্গলজনক নয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা ইতোমধ্যে পিস স্কুলের কার্যক্রম বন্ধ রেখেছি। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিষয় আরো খতিয়ে দেখা হবে।
মঙ্গলবার জাকির নায়েকের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠা দেশের সব পিস স্কুল বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এসব স্কুলের অনুমোদন ছিল না। ঢাকায় অনুমোদন নিয়ে চলা একমাত্র পিস স্কুলের পাঠদানও বন্ধ করা হয়েছে।