Sylhet Today 24 PRINT

উচ্চশিক্ষার জন্য শ্রমিকের সন্তানরা পাবেন ৩ লাখ টাকা

সিলেটটুডে ডেস্ক  |  ০৪ আগস্ট, ২০১৬

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত সব শ্রমিকের মেধাবী সন্তানদের শিক্ষা সহায়তা দেবে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, গত ২০১৫ এবং ২০১৬ সালে যে সকল শ্রমিকের সন্তান এসএসসি বা সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে, তারা আগামী ৩০ আগস্টের মধ্যে শ্রমিক কল্যাণ তহবিলের নির্দিষ্ট ফরমে আবেদন করলে তাদের এককালীন ২৫ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান করা হবে। আগামী সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে এ অর্থ প্রদান করা হবে।

এছাড়া যে সকল শ্রমিকের সন্তান সরকারী বিশ্ববিদ্যালয়, মেডিকেল, কৃষি কিংবা প্রকৌশল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাদের এ তহবিল থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত শিক্ষা সহায়তা প্রদান করা হবে।

এসময় লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের এক প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কোম্পানির লভ্যাংশ থেকে শ্রমিক কল্যাণ তহবিলের জন্য ১ কোটি ২ লাখ ৬১ হাজার ৭২৫ টাকার চেক হস্তান্তর করে। বর্তমানে এ তহবিলে ১৭১ কোটি টাকা জমা রয়েছে।
  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.