Sylhet Today 24 PRINT

ব্লগাররা লেখা দিয়ে আর জঙ্গিরা খুন করে মানবতার ক্ষতি করেছে: আইজিপি

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৬

‘তারুণ্যের বহুমুখী বিকাশ ঘটছে। তারুণ্যের বিকাশে কোনও বাধা নেই। আজকের তরুণরা আইটি সেক্টরসহ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে তা সর্বজন স্বীকৃত। কিন্তু, এই তরুণদের কেউ কেউ আবার জঙ্গি সংগঠনে সম্পৃক্ত হচ্ছে, অন্য একটি অংশ মুক্তচিন্তার অনুশীলন করছে। মুক্ত চিন্তা ভালো। তবে অতিরিক্ত মুক্তচিন্তা করতে গিয়ে তারাও বিপদ ডেকে আনছে যা ব্লগাররা করে থাকে। ধর্মকে, ইসলামকে তারা তাদের মুক্তচিন্তার বিষয় হিসেবে নিয়ে তা বিকৃত করে ধর্মের বিরুদ্ধে এবং নবীজীর (সা.) বিরুদ্ধে যেভাবে কটূক্তি, কদাচার করছে যেগুলো ভাষায়ও প্রকাশ করা যায় না।’

শনিবার (৬ আগস্ট)  দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন মন্তব্যই করলেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।

তিনি বলেন, ‘ব্লগার ও জঙ্গিরা সমাজ ও মানবতার ব্যতয় ঘটাচ্ছে। ব্লগাররা ইসলামকে তাদের মুক্তচিন্তার বিষয় বানিয়ে লেখনীর মাধ্যমে আর জঙ্গিরা মানুষ হত্যা করে এই কাজ করে যাচ্ছে।’ এ সময় কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের বিপথগামী করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘সমাজ পরিবর্তনশীল।এটা যুগে যুগে হয়ে থাকে, এটা রোধ করা যায় না। আপনার, আমার সকলের অবচেতন মনেই এই সামাজিক পরিবর্তন হয়ে থাকে। এই সামাজিক পরিবর্তনে যে ডাইভারসিটি (বৈচিত্র্য) আসে, এই ডাইভারসিটির পরম্পরায় বিভিন্ন চিন্তা-চেতনার লোক যুক্ত থাকায় সুস্থ স্বাভাবিকতার বিকাশে অনেক সময় ব্যতয় ঘটে। যেমন, আমাদের ব্লগাররা লেখনীর মাধ্যমে মুক্তচিন্তার নামে ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করে অনেক কিছুর ব্যতয় ঘটাচ্ছে, আবার জঙ্গিরা মানুষ হত্যা করে সমাজের, রাষ্ট্রের ও মানবতার ব্যতয় ঘটাচ্ছে।এটাই হচ্ছে ডিফারেন্স।’

বিভিন্ন সময়ে আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘জঙ্গিরা শরিয়া আইনে খেলাফত প্রতিষ্ঠা করবে। তারা মানুষের তৈরি আইন বা সংবিধান মানে না। এখানেই তাদের সমস্যা। তারা জিহাদ করবে মুশরিক, মুরতাদ, মুনাফিক, কাফেরদের বিরুদ্ধে। এই জঙ্গিদের বোঝানো হয়েছে এই চার শ্রেণির লোকদের হত্যা করলে কোনো কোনো বিচার হবে না। সরাসরি জান্নাতে চলে যাবে। এই জান্নাতের স্বপ্ন দেখে জিহাদি হচ্ছে। মুসলমানদের হত্যা করছে।’

মুসলমান দিয়ে মুসলমান ধ্বংসে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘ইসলামের বিরুদ্ধে ইহুদিরা ষড়যন্ত্র করছে। আেইএস এর মতো সংগঠন তৈরি করে মুসলমানদের দিয়ে মুসলমানদের হত্যা করা হচ্ছে। আৈইএস তৈরি করেছে ইহুদিরা। এখন অবশ্য আইএস এ বিরুদ্ধে কথা বলছে। কিন্তু কারা তাদের সাহায্য করছে। কারা তাদের অস্ত্র দিয়ে এটা সবার জানা।’

রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, তারা যদি মনে করি এখন যা ঘটে সব সরকারের বিপক্ষে যাবে, এটা ভেবেও আনন্দিত হওয়ার কিছু নেই। আপনি যদি দেশকে ভালোবাসেন, তাহলে আপনার নিজের জায়গা থেকে কাজ করুন। জাতীয় ঐক্য বলতে কি বোঝানো হচ্ছে? এক সঙ্গে বসে তারপর আলোচনা করে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করতে হবে এমন না। যে যেখানে আছেন, সেখানে থেকেই জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে ‘আমার কাগজ’ এর সম্পাদকমন্ডলীর সভাপতি হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনায় আরও অংশগ্রহণ করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার ও প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.