Sylhet Today 24 PRINT

রাজধানীতে ভাড়াটিয়াদের পরিচয়পত্র দেবে ডিএমপি

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৬

এখন থেকে রাজধানীর ভাড়াটিদের ‘ভাড়াটিয়া পরিচয় পত্র’ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ পরিচয় পত্রে থাকবে ভাড়াটিয়ার নাম ও নম্বর। শনিবার সকালে ডিএমপি সদর দপ্তরে এ ডিএমপির নতুন ওয়েবসাইট উদ্বোধন শেষে কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় ডিএমপি কমিশনার বলেন, 'ইতিমধ্যে আমরা ২০ লাখ ভাড়াটিয়া তথ্য ফর্ম সংগ্রহ করেছি। এসব ফর্ম পর্যালোচনা শেষে ভাড়াটিয়াদের ডিএমপির পক্ষ থেকে ভাড়াটিয়া আইডি দেয়া হবে। একজন ভাড়াটিয়া যখন এক এলাকা থেকে বাসা পরিবর্তন করে অন্য এলাকায় যাবে, তখন সংশ্লিষ্ট থানার পুলিশ বিষয়টি ওই থানার পুলিশকে জানিয়ে দিবে।’

এসময় তিনি বলেন, ‘রাজধানীবাসীর নিরাপত্তায় এলাকায় এলাকায় ব্লক রেইড চলছে। সঠিক পরিচয় পত্র দেখাতে পারলে কাউকে যেন হয়রানি না করা হয় সে ব্যাপারে সব পুলিশ সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। তারপরও কেউ হয়রানি হলে সরাসরি আমাদের ডিএমপি ওয়েবসাইটে দেয়া নম্বরে ফোন করুন, আমরা ব্যবস্থা নেবো।’

বাড়ী মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ব্যাচেলরদের বাড়িভাড়া দিতে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনারা তাদের আইডি কার্ড দেখে ভাড়াটিয়া তথ্য ফর্ম সঠিকভাবে পূরণ করিয়ে বাসা ভাড়া দিতে পারেন।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়, ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন, ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি জঙ্গি তৎপরতায় আটকদের বেশিরভাগই মেসবাসা ভাড়া করে জঙ্গি আস্তানা গড়ে তোলার প্রেক্ষিতে রাজধানীর বাড়ির মালিকরা পুলিশি ঝামেলা এড়াতে ব্যাচলরদের বাসা ভাড়া দেয়ায়  প্রকাশ করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.