Sylhet Today 24 PRINT

নিজ দেশে ফেরত পাঠানো হল আটককৃত ৪৪ নেপালি নাগরিককে

বেনাপোল প্রতিনিধি |  ০৬ আগস্ট, ২০১৬

বাংলাদেশে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক ৪৪ নেপালিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠানো হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় শনিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নেপালি দূতাবাসের মাধ্যমে তাদের নেপালে পাঠানো হয়।

ঢাকা থেকে আনা এসবির এসআই নাম প্রকাশ করতে অনিচ্ছুক তিনি জানান এনএসআই ও ডিজিএফআইর লোক গোপন সংবাদরে মাধ্যমে নেপালি নাগরিকদের মিরপুর ডিওএইচএস থেকে আটক করে। তাদের কাছে জানা যায় ঢাকার ওয়ালিউল্লাহ নামে এক লোক তাদের চাকরি দেওয়ার নাম করে ঢাকায় নিয়ে আসে। পরে তাদের চাকরি দিতে দেরী হওয়ায় ভিসার মেয়াদ ৪৮ দিন শেষ হয়ে যায়। তাদের সকলের টুরিস্ট ভিসা ছিল বলে তিনি জানান।

এর আগে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানের অভিযোগে বৃহস্পতিবার রাতে মিরপুর ডিওএইচএস থেকে তাদের আটক করা হয়। এদিকে, বাংলাদেশে অবৈধ অবস্থানের অভিযোগে তাদের থেকে ৩ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের ওসি ইকবাল হোসেন জানান, দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে ভালো চাকরির কথা বলে তাদের ঢাকায় আনা হয়েছিল। পরে মিরপুর ডিওএইচএসের বিভিন্ন বাসায় তাদের রাখা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ওই ৪৪ জন নেপালি নাগরিককে আটক করা হয়।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর কোনো অভিযোগ পাওয়া যায়নি। এজন্য আইনি ব্যবস্থা না নিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ওসি ইকবাল হোসেন আরো জানান, বাংলাদেশের ইমিগ্রেশন আইন অনুযায়ী কোনো পাসপোর্টধারী যাত্রীর ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তিনি যদি দেশে অবস্থান করেন, তাহলে ওই পাসপোর্টধারী যাত্রীকে প্রতিদিনের অবৈধ অবস্থানের জন্য ২০০ টাকা জরিমানা গুণতে হয়। সে অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যে কয়দিন অবস্থান করেছে, সে অনুপাতে তাদের কাছ থেকে জরিমানা আদায় করে বিকেলে তাদেরকে দেশে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.