Sylhet Today 24 PRINT

তওবা করে জামায়াতের সঙ্গ ত্যাগ করলে বিএনপির সঙ্গে ঐক্য: নৌমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৬

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি যদি তওবা করে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে পারে, তবেই কেবল তাদের সঙ্গে ঐক্যের ব্যাপারে বিবেচনা করা যেতে পারে। আজ শনিবার বিকেলে সাভারে আশুলিয়ার জামগড়া এলাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, যারা ১৯৭১ ও পরবর্তীকালীন সময়ে বাঙালির রক্তে হাত রঞ্জিত করেছে, বর্তমানে জঙ্গি হামলা চালিয়ে মানুষ হত্যা করছে, সেই জামায়াতের সঙ্গে ঐক্যের কোনো প্রশ্নই ওঠে না।

তিনি আরো বলেন, ভারতের সাথে চুক্তি হলেই যে দেশ বিক্রি হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনারা বাংলাদেশের জন্য রক্ত ও জীবন দিয়েছেন। তাই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রক্তের সম্পর্ক। আর ভবিষ্যতে তা আরো সুদৃঢ় হবে।

বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমানও। এ ছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন কুরআন শিক্ষা ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.