Sylhet Today 24 PRINT

এবার এলো ‘সজীব ওয়াজেদ জয় লীগ’

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৬

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত সাড়ে সাত বছরে দলটির নামের সঙ্গে মিল রেখে আত্মপ্রকাশ করেছে অভিনব নামধারী শতাধিক সংগঠন। এই ধারাবাহিকতায় এবার এলো ‘সজীব ওয়াজেদ জয় লীগ’।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম ব্যবহার করে এ সংগঠনটি গড়েছেন রনি আহম্মেদ নামে ঢাকার কেরাণীগঞ্জের এক ব্যক্তি। তিনি নিজেকে পরিচয় দেন এ সংগঠনের সভাপতি হিসেবে। তার ভিজিটিং কার্ডে নামের সঙ্গে লেখা রয়েছে সজীব ওয়াজেদ জয় লীগ ঢাকা জেলা কমিটি। আর সংগঠনটির স্থায়ী কার্যালয় হিসাবে ঠিকানা লেখা রয়েছে কালীগঞ্জ বাজার, চৌধুরী মার্কেট, কেরানীগঞ্জ ঢাকা-১৩১০।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে নানা জায়গায় চাঁদাবাজি ও সুবিধা পাওয়ার আশায় দলটির নামের শেষাংশ অর্থাৎ ‘লীগ’ শব্দটি যথেচ্ছ ব্যবহার করে কথায় কথায় দল বানিয়ে ফেলছেন কিছু সুবিধাবাদী ব্যক্তি। এসব সংগঠন নিজেদের আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী বা ভ্রাতৃপ্রতীম সংগঠন হিসেবেও দাবি করে।

কেন্দ্রীয় কিছু নেতা নিজেদের প্রচারের স্বার্থে এসব সংগঠনের অনুষ্ঠানে নিয়মিত যাচ্ছেন এবং বক্তৃতাও করছেন। এর ফলে সুবিধাবাদী দলীয় কর্মীরা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা, দলীয় সভাপতি শেখ হাসিনার নাম ব্যবহার করে একাধিক পকেট সংগঠন বানানোর পর এখন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামেও সংগঠন বানিয়ে ফেলেছে।

আত্মপ্রকাশ ঘটা এমন সংগঠনের মধ্যে রয়েছে জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় লীগ, জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় সংসদ, আওয়ামী সমবায় লীগ, আওয়ামী তরুণ লীগ, বঙ্গবন্ধু লেখক লীগ,  ডিজিটাল ছাত্রলীগ ইত্যাদি নাম।

এসব সংগঠন সম্পর্কে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, এ সংগঠনগুলোকে নিজেদের সংগঠন নয়। তারা বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সহযোগী সংগঠনগুলো হচ্ছে যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ ও তাঁতীলীগ। ভ্রাতৃপ্রতীম সংগঠন হিসেবে রয়েছে ছাত্রলীগ ও শ্রমিকলীগ। এছাড়া কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠনও রয়েছে আমাদের সমমনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.