Sylhet Today 24 PRINT

শফিক রেহমানের মুক্তির আবেদন আন্তর্জাতিক সাংবাদিক জোটের

সিলেটটুডে ডেস্ক |  ১০ আগস্ট, ২০১৬

বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করা রেপ্রিভ নামক একটি আন্তর্জাতিক জোট সাংবাদিক শফিক রেহমানকে মুক্তি দেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। ইনডেক্স অন সেন্সরশিপ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টস, পেন আমেরিকা প্রভৃতি সংগঠন রেপ্রিভ জোটের অংশ।

রেপ্রিভ নামক এই জোটটি বাংলাদেশের আইন ও বিচারমন্ত্রী আনিসুল হকের কাছে এ নিয়ে সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

চিঠিতে বলা হয়েছে, গ্রেফতার হওয়ার পর তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও শফিক রেহমানের বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিকভাবে কোন অভিযোগ দায়ের করা হয়নি। আটকের পর প্রথম সপ্তাহ তাকে নির্জন কারাবাসে রাখা হয় যেখানে কোন ঘুমানোর বিছানাও দেয়া হয়নি।

তিনি এক বয়োবৃদ্ধ ব্যক্তি, যার স্বাস্থ্য নিয়ে তার পরিবার খুবই উদ্বেগের মধ্যে রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদকে অপহরণ ও হত্যা পরিকল্পনা সংক্রান্ত মামলায় শফিক রেহমান এখন কারাগারে অন্তরীণ রয়েছেন।

ওদিকে গত ১৭ই জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ শফিক রেহমানকে উচ্চ আদালতে আপিলের অনুমতি দেন। একই সঙ্গে তাঁর প্রয়োজনীয় চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৬ই এপ্রিল গোয়েন্দা পুলিশ ঢাকায় ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যা-চেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.