সিলেটটুডে ডেস্ক | ১০ আগস্ট, ২০১৬
রাষ্ট্রদ্রোহিতা, নাশকতা ও দুর্নীতির ১২ মামলার শুনানিতে হাজিরা দিতে ঢাকার নিম্ন আদালতে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ বুধবার (১০ আগস্ট) সকালে মহানগর দায়রা জজ আদালত ও দু'টি বিশেষ জজ আদালত এবং ঢাকার সিএমএম আদালতে খালেদা জিয়ার হাজিরা দাখিল করেছেন তার আইনজীবীরা। ১২ মামলার মধ্যে ৯টিতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন খালেদা, দুটিতে অভিযোগ গঠনের শুনানি হবে এবং বাকিটিতে নিয়মিত হাজিরা দেবেন তিনি।
যে ৯ মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইবেন খালেদা জিয়া, সেগুলোর মধ্যে ৮টি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ও একটি ঢাকার সিএমএম আদালতে বিচারাধীন। ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ঢাকার দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়।
আইনজীবীরা জানান, এর মধ্যে দারুস সালাম থানার বিশেষ ক্ষমতা আইনের ৬২ (১) ১৫, ৫ (২) ১৫, ৬ (২) ১৫, ৮ (২)১৫, ১২(২)১৫, ২৯(২)১৫, ৩১(২)১৫ ও ৩(৩)১৫ নম্বর মামলায় খালেদা জিয়ার জামিন চাওয়া হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লার আদালতে। এ ৮ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদনের শুনানি শেষে একই আদালতে রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ গঠনের শুনানিতে হাজির থাকবেন খালেদা।