Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার বালিশসহ অবস্থান নিয়ে প্রতিবাদ জানাবে ভাড়াটিয়া পরিষদ

সিলেটটুডে ডেস্ক |  ১০ আগস্ট, ২০১৬

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রতীকী প্রতিবাদ অবস্থান কর্মসূচি’ পালন করবে ভাড়াটিয়া পরিষদ। ব্যাচেলরসহ ভাড়াটিয়াদের আবাসনে নানামুখী ভোগান্তির প্রতিবাদে বালিশ নিয়ে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

মঙ্গলবার সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহারের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এর আগে গত ২ আগস্ট এক সংবাদ সম্মেলনে এমন কর্মসূচির ঘোষণা দিয়েছিলো সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. বাহারানে সুলমান বাহার জানিয়েছিলেন, গুলশানে জঙ্গি হামলা, ঈদের দিন শোলাকিয়া ঈদ জামাতে হামলার চেষ্টা ও সর্বশেষ কল্যাণপুরের ব্যাচেলর মেসে অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। এ সব হামলার সঙ্গে জড়িতদের কেউ কেউ মেসে থাকার কারণে এখন সারাদেশে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে ব্যাচেলরদের।

বুধবার পাঠানো বিবৃতিতে বলা হয়, আপনারা অবগত আছেন, সম্প্রতি দেশে জঙ্গি উত্থানের অভিযোগে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের ব্যাচেলরদের উপর নেমে এসেছে সীমাহীন ভোগান্তি। একদিকে পেশাজীবি-শ্রমজীবি-শিক্ষার্থী ব্যাচেলরদের নতুন বাসা পেতে ভোগান্তি, পুরোনো বাসায় বাড়িওয়ালার অত্যাচার ও সামনের মাস থেকে বাসা ছেড়ে দেওয়ার নোটিশ এবং নানা রকম পুলিশি হয়রানিতে ব্যাচেলররা আজ দিশেহারা।

এমতাবস্থায় সাম্প্রতিক জঙ্গি উত্থানে ব্যাচেলরসহ ভাড়াটিয়াদের আবাসনে বাড়িভাড়া পেতে ভোগান্তি, বাড়িওয়ালাদের নির্যাতন ও পুলিশি হয়রানির প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ব্যাচেলদের  ‘প্রতীকী প্রতিবাদ অবস্থান কর্মসূচি’ অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.