Sylhet Today 24 PRINT

বাংলাদেশে ভ্রমণে কোন নিষেধাজ্ঞা জারি করা হয়নি: বার্নিকাট

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৬

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেছেন, "আমরা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করিনি।  বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বড় বাজার যুক্তরাষ্ট্র। আমরা তাদেরকে বলেছি, বাংলাদেশে আসুন, এখানে বিনিয়োগ করুন। তবে এদেশে সফরের সময় সতর্কতা অবলম্বন করুন।"

বৃহস্পতিবার (১১ আগস্ট)  রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ ভবন মিলনায়তনে পোশাক শিল্প বিষয়ে বিজিএমইএ পরিচালনা বোর্ড ও মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূতের এক মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে বার্নিকাট বলেন, " বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে যুক্তরাষ্ট্র সরকার সবধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।"

তিনি বলেন,  "বিশেষ করে নিরাপত্তা ইস্যুতে অগ্রাধিকার দেবে। শ্রমিকদের নিরাপত্তার পাশাপাশি এ খাতে বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তার ব্যাপারটাও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। যাতে করে স্বাচ্ছন্দ্যে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে চলাফেরা করতে পারে।"

যুক্তরাষ্ট্র সরকার নিরাপত্তা ইস্যুতে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, আমরা সবসময় বলে আসছি, শ্রমিকের অধিকার অক্ষুণ্ন রাখতে। সেই সঙ্গে এখন নিরাপত্তার ইস্যুটিও জড়িত। সন্ত্রাসী ও জঙ্গিবাদ যুক্তরাষ্ট্র প্রশ্রয় দেয় না। তাই জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে সব ধরনের সহযোগিতা করবে।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, তৈরি পোশাক শিল্পে ব্যবসা বাড়ানোর জন্য বিজিএমইএ বিদেশি কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করে আসছে। এরই অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। যার মধ্যে রয়েছে পোশাক কারখানার ডাটাবেজ তৈরি, প্রত্যেকটি কারখানায় সেফটি কমিটি গঠনসহ এ খাতে বিদেশি বিনিয়োগকারীদের সেফটি ইস্যু।

সংবাদ সম্মেলনে মার্কিন দূতাবাসের অন্যান্য কর্মকর্তা এবং বিজিএমইএ নেতারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর বাংলাদেশে বিনিয়োগকারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয় তবে সরকার বিদেশী নাগরিকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.