Sylhet Today 24 PRINT

নেটওয়ার্ক ভালো না থাকায় গ্রাহক বাড়ছে না টেলিটকের: তারানা হালিম

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৬

ফাইল ছবি

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন ভালো সেবা এবং নেটওয়ার্ক না থাকার কারণে গ্রাহক বাড়ছে না টেলিটকের। বৃহস্পতিবার গুলশানে টেলিটক কার্যালয়ে ‘টেলিটকের মাধ্যমে বিকাশ লেনদেন’ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, 'দেশের মানুষ টেলিটক ব্যবহার করতে চায়। কিন্তু ইচ্ছা থাকলেও ভাল সেবা এবং নেটওয়ার্ক না থাকায় মানুষ টেলিটকের ওপর নির্ভর করতে পারছে না।

তারানা হালিম বলেন, টেলিটককে নিজের পায়ে দাঁড় করাতে এরই মধ্যে মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে। সে অনুযায়ী চলতি অর্থ বছরের মধ্যে টেলিটকের গ্রাহক সংখ্যা আরও ৩০ লাখ বাড়ানো হবে, জেলা শহরে কাস্টার কেয়ার স্থাপন করা হবে এবং থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।' টেলিটকের অবস্থার উন্নতির জন্য কমপক্ষে আরও এক বছর সময় দরকার বলে এ সময় মন্তব্য করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী তারানা হালিম দায়িত্ব নেওয়ার পর পরই টেলিটকের উন্নয়নে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেন। তিনি টেলিটকের স্থবিরতার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করেন। কিন্তু সে তদন্ত কমিটি শেষ পর্যন্ত কার্যকর কোন ভূমিকা রাখতে পারেনি। গত ফেব্রুয়ারি মাসে লোগো বদলে টেলিটকের রি-ব্র্যান্ডিং করারও ঘোষণা দেন তিনি। কিন্তু তারপরও টেলিটকের লক্ষণীয় কোনো উন্নতি চোখে পড়েনি। এ অবস্থার মধ্যেই প্রতিমন্ত্রী আগামী এক বছরের মধ্যে টেলিটকের উন্নয়নের ঘোষণা দিলেন।

অন্য চারটি মোবাইল অপারেটর নিজেদের নেটওয়ার্কে মোবাইল ব্যাংকিং কার্যক্রম প্রায় তিন বছর আগে চালু করলেও টেলিটক সবার থেকে পিছিয়ে থেকেই অবশেষে এ কার্যক্রমে প্রবেশ করল। এর ফলে এখন থেকে টেলিটকে বিকাশ একাউন্ট খোলার পাশাপাশি বিকাশ একাউন্ট থেকে টেলিটকের গ্রাহক একাউন্টও রিচার্জ করা যাবে। অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.