Sylhet Today 24 PRINT

১৮ বছরের কম বয়সী কেউ কোরবানির পশু জবাই করতে পারবে না

সিলেটটুডে ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৬

আঠারো বছরের কম বয়সীরা যেহেতু বাংলাদেশে শিশু হিসেবে বিবেচিত তাই এই বয়সী কেউ কোরবানির পশু জবাই করতে পারবে না।

বৃহষ্পতিবার (১১ আগস্ট) স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়  এ কথা জানিয়েছে।

কোরবানির পশু জবাই ও বর্জ্য অপসারণ নিয়ে বৃহষ্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের এক সভা অনুসিমত হয়। স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করেন।

সভাশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক জানান, ১৮ বছরের কম বয়সীদের পশু জবাই করতে না দেয়ার ব্যাপারে আগে থেকে নির্দেশনা ছিল। এবার কোরবানির ঈদে তা কঠোরভাবে প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, আইনটি প্রয়োগের জন্য সিটি করপোরেশনের প্রধান নির্বাহীর নেতৃত্বে  সারা দেশে ১১টি মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।

সচিব জানান, পবিত্র ঈদ উল আজহায় পশু জবাইয়ের জন্য দেশের ১১টি সিটি করপোরেশন এলাকায় ২ হাজার ৯৪৩টি স্থান নির্ধারণ করা হয়েছে।

পশু কোরবানির কাজে সারাদেশে ৪ হাজার ৮৮৫ জন ইমাম ও ১২ হাজার ৬৩৮ জন কষাই নিযুক্ত থাকবেন বলে তিনি উল্লেখ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.