সিলেটটুডে ডেস্ক | ১২ আগস্ট, ২০১৬
যুব দিবস উপলক্ষে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল নারীদের ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েকশ’ পেশাজীবী নারী অংশ নেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় আয়োজিত ঢাকা উইমেনস ম্যারাথনে বিজয়ী প্রথম তিনজনকে ট্রফি, পাঁচজনকে নগদ অর্থ ও প্রথম একশ’ জনকে দেয়া হয় পদক। এছাড়া সকল অংশগ্রহণকারীদের সম্মাননা সনদ প্রদান করা হয়।
শুক্রবার সকাল সোয়া ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হওয়া ম্যারাথনে প্রথম হয়েছেন সেনাবাহিনীর সদস্য সুমি আক্তার। তিনি ১ ঘণ্টা ২৫ মিনিটের এই ১০ কিলোমিটার দৌড় শেষ করেছেন ৪৮ মিনিট ২২ সেকেন্ডে। দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর মেরুনা ও তৃতীয় হয়েছেন আরেক সেনা সদস্য স্মৃতি।
প্রথম পাঁচজনকে সনদসহ যথাক্রমে ৩০ হাজার টাকা, ২৫ হাজার টাকা, ২০ হাজার টাকা, ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা দেয়া হয়েছে।
নারীদের এই ম্যারাথনে ২৮৯ জন অংশগ্রহণ করে বলে আয়োজকরা জানিয়েছেন।
ম্যারাথনে অংশগ্রণকারীরা সায়েন্স ল্যাব, নিউমার্কেট, আজিমপুর, পলাশী, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ মিনার, দোয়েল চত্বর, শিক্ষাভবন, কদম ফোয়ারা, মৎস ভবন, কাকরাইল মসজিদ, হলি ফ্যামিলি হাসপাতাল, ইস্কাটন গার্ডেন, কাজী নজরুল ইসলাম এভিনিউ, রূপসী বাংলা ও শাহবাগ হয়ে টিএসসিতে আসেন।
সকালে টিএসসিতে ম্যারাথনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, “এ ম্যারাথনে অংশগ্রহণ করার মাধ্যমে দায়িত্ব শেষ নয়, বরং শুরু হয়েছে। প্রতিদিন শরীর চর্চা করলে সুস্থ থাকা সম্ভব।”
পর্বতারোহী মুসা ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রভোস্ট অধ্যাপক সুপ্রিয়া সাহা, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস প্রমুখ।