Sylhet Today 24 PRINT

প্রথম আলো ও যুগান্তরকে হাসনাত-তাহমিদের মূল ছবি দিতে নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৬

ফাইল ছবি

দৈনিক প্রথম আলো ও যুগান্তরে প্রকাশিত হলি আর্টিজান বেকারির ছাদে হাসনাত করিম ও তাহমিদ খানের ছবি পুলিশকে দিতে নির্দেশ দিয়েছে আদালত। গুলশান হামলার ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হুমায়ুন কবিরের এক আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির আহসান এই নির্দেশ দিয়েছেন। সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন শাখার পুলিশ কনস্টেবল আশরাফ আলী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম আলো ও যুগান্তরে জঙ্গিদের সঙ্গে হাসনাত করিম ও তাহমিদের যে ছবি প্রকাশ হয়েছে, তা মামলার অধিকতর তদন্তের জন্য প্রয়োজন। এই ছবিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে বলে পরিদর্শক হুমায়ুন কবিরের আবেদনের বরাত দিয়ে সাংবাদিকদের জানান আশরাফ আলী ।

এদিকে, এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘আমরা ছবি চেয়ে আদালতে আবেদন করেছি। আদালত ছবি দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা এই ছবির ব্লাস্টিক পরীক্ষা করে দেখব। এই ছবি আসল কিনা,তা জানা দরকার।’

গুলশান হামলার সঙ্গে হাসনাত ও তাহমিদের কোনও সম্পৃক্ততা পাওয়া গেছে কিনা? এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘আমরা এখনও তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’ সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে বলেও  তিনি জানান।

গত ১ জুলাই কূটনৈতিক এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা করে এবং দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। এসময় প্রতিরোধ করতে গিয়ে জঙ্গিদের গ্রেনেড হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান নিহত হন। রাতের বিভিন্ন সময় তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জঙ্গিরা। পরদিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ছয় জঙ্গি নিহত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলা সিটিটিসি তদন্ত করছে।

ওই ঘটনার দিন হাসনাত করিম স্বপরিবারে এবং তাহমিদ বান্ধবীদের সঙ্গে ওই বেকারিতে ছিলেন। গত ৭ আগস্ট প্রথম আলো ও যুগান্তরের প্রথম পাতায় হলি আর্টিজান বেকারির ছাদে এক জঙ্গির সঙ্গে হাসনাত করিম ও তাহমিদের বিভিন্ন ভঙ্গিতে থাকা ছবি প্রকাশ করে। এর আগে ৪ আগস্ট ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে হাসনাত করিম ও তাহমিদকে আটদিনের রিমান্ডে নেয় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.