সিলেটটুডে ডেস্ক | ১২ আগস্ট, ২০১৬
বাংলাদেশে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস নামে কোনো জঙ্গি সংগঠন নেই বলে আবারও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীই আইএস নাম ধারণ করার চেষ্টা করে। শুক্রবার সন্ধ্যায় সাভার সরকারি কলেজ মাঠে সাভার উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জঙ্গিবিরোধী সমাবেশে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সমাবেশে মন্ত্রী আরো বলেন, ‘দেশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আমরা ঘুরেছি। আইএসের কোনো অস্তিত্ব নেই। রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়াসহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছে। আমাদের নিরাপত্তা বাহিনী ভয় পায় না। বাংলাদেশে কোনো আইএস নেই। যারা এসব ঘটনা ঘটিয়েছে, তারা এ দেশীয় সন্ত্রাসীগোষ্ঠী। তারা ইসলামবিরোধী, তারা জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ (হুজি), আনসারুল্লাহ বাংলা টিম। এদের কঠোর হাতে দমন করার উদ্যোগ নিয়েছে সরকার।’
সাভার পৌরসভার মেয়র হাজি আবদুল গনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ।