Sylhet Today 24 PRINT

শনিবার ২০০১টি শেখ রাসেল কম্পিউটার ল্যাব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৬

গণভবন থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে শনিবার সকালে সারাদেশে একযোগে ২ হাজার ১টি কম্পিউটার ল্যাবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের নামে এই ল্যাবের নাম রাখা হয়েছে ‘শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব।’ ২০০১টি ল্যাবের মধ্যে দেশের ৬৪টি জেলা শহরে একটি করে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব তৈরি করা হয়েছে। এছাড়া, উপজেলা পর্যায়েও ‘কম্পিউটার প্রশিক্ষণ ল্যাব’ তৈরি করা হয়েছে বলে সরকারের আইসিটি বিভাগ সূত্রে এসব জানা গেছে।

এসব ল্যাবে ৯টি ভাষা শেখানো হবে। এজন্য এ বিষয়ক একটি সফটওয়্যার ডিজাইন করা হয়েছে। ল্যাবে ইংরেজি, আরবি, কোরিয়ান, চীনা, রাশান, স্প্যানিশসহ আরও তিনটি ভাষা শেখানো হবে। প্রতিটি ল্যাবে ১৭টি ল্যাপটপ, একটি ইন্টারনেট মডেম, উচ্চগতির ইন্টারনেট সংযোগ, প্রিন্টার, স্ক্যানার, মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং ল্যাঙ্গুয়েজ কনটেন্ট থাকবে।

সূত্র জানায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ঢাকা কলেজে প্রতিষ্ঠিত শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাবটি প্রথমে উদ্বোধন করা হবে। এছাড়াও ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত থাকবে বরিশালের আলেকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়, বান্দরবানের রুয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, লালমনিরহাটের পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজে প্রতিষ্ঠিত শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব। এতে অংশ নেবেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকরা।

আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শনিবার বেলা সোয়া ১১টায় ভিডিও সম্মেলনের মাধ্যমে ল্যাবগুলোর উদ্বোধন করবেন। ল্যাবের সংখ্যা বেশি হওয়ায় একসঙ্গে সবগুলো ল্যাবে ভিডিও কনফারেন্স করা যাবে না। এজন্য দেশের ৪টি জেলার ৪টি ল্যাবকে বেছে নেওয়া হয়েছে।

আইসিটি বিভাগ সূত্র জানায়, প্রথমে ল্যাবের সংখ্যা ছিল দুই হাজার। বরাদ্দ ছিল ২৯৮ কোটি ৯৯ লাখ টাকা। বরাদ্দকৃত টাকা দিয়ে ২ হাজার ১টি ল্যাব তৈরির পরও ৯৬ কোটি টাকা উদ্বৃত্ত থেকে যায়। বিষয়টি জানতে পেরে পরবর্তীতে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উদ্বৃত্ত টাকা দিয়ে আরও ল্যাব তৈরির নির্দেশ দিয়েছেন। এই উদ্বৃত্ত টাকা দিয়ে আরও ৯০০টি ল্যাব তৈরি করা হবে।

প্রসঙ্গত, শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় ৬৪টি জেলায় ভাষা প্রশিক্ষণ ল্যাবসহ সারাদেশে দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের মাদ্রাসা) কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। চলতি বছরের জুনের মধ্যে দুই হাজার কম্পিউটার ল্যাব এবং প্রতি জেলায় একটি করে মোট ৬৪টি ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.