Sylhet Today 24 PRINT

ব্লগার-পুরোহিত ও গুলশান হত্যাকাণ্ড এক সুতোয় গাঁথা : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিরা শান্তির ধর্ম ইসলাম নিয়ে ছিনিমিনি খেলছে। তারা ইসলামকে কলঙ্কিত করছে। এদের হাত থেকে দেশ ও ইসলামকে রক্ষা করতে হবে। তিনি বলেন, ব্লগার, পুরোহিত, পুলিশ হত্যাসহ গুলশান হত্যাকাণ্ড এক সুতোয় গাঁথা।

রাজধানীর সাভারে শুক্রবার বিকেলে সাভার সরকারি কলেজ প্রাঙ্গণে জঙ্গিবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের ধারণা ছিল শুধু মাদ্রাসার শিক্ষার্থীরাই জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত। কিন্তু গুলশান ট্র্যাজেডির পর আমাদের সেই ধারণা পাল্টে গেছে। শুধু মাদ্রাসার অবুঝ ছেলেরাই নয়, এসবের সঙ্গে যুক্ত হচ্ছে আপনার-আমার শিক্ষিত ছেলেরা। যারা সমাজে প্রতিষ্ঠিত, তাঁদের ছেলেদের দিয়েই এসব ঘটানো হচ্ছে।’ তিনি বলেন, ব্লগার, পুরোহিত, পুলিশ হত্যাসহ গুলশান হত্যাকাণ্ড এক সুতোয় গাঁথা। রগ কাটার দলেরাই এসব হত্যাকাণ্ড ঘটিয়ে জেএমবি, হুজি, হিযবুত তাহ্‌রীর, আল–কায়েদা ও আইএসের নামে চালানোর চেষ্টা করছে। দেশে আইএস বলে কিছু নেই। বাংলাদেশের এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত ঘুরে আইএসের কোনো নেতা বা সংগঠন খুঁজে পাওয়া যায়নি।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জামায়াত ’৭১ সালে যেভাবে আক্রমণ করেছে, আর আজকের জঙ্গিদের হামলার ধরন একই। এরা আইএস নয়, ’৭১ সালের ঘাতকেরাই আজকের জঙ্গিগোষ্ঠী। এরা বাংলাদেশকে থামিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করার জন্য এই জঙ্গি হামলা চালাচ্ছে।

সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবদুল গনির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.