Sylhet Today 24 PRINT

রামপাল নিয়ে আন্দোলনকারীদের ডাকবে সংসদীয় কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ আগস্ট, ২০১৬

রামপাল তাপবিদ্যুতকেন্দ্র স্থাপন নিয়ে চলমান আলোচনা-সমালোচনা মাঝে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম বলেছেন রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে আন্দোলনকারী নাগরিক সমাজের প্রতিনিধিদের আলোচনার জন্য সংসদীয় কমিটিতে আমন্ত্রণ জানানো হবে।

শনিবার (১৩ আগস্ট) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে পরিবেশ সুরক্ষা’ শীর্ষক ছায়া সংসদীয় বিতর্ক অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তাজুল ইসলাম এ আমন্ত্রণের জানানোর তথ্য জানান। অনুষ্ঠানে রামপাল তাপবিদ্যুতকেন্দ্র নির্মাণবিরোধি আন্দোলনের নেতৃত্বে থাকা তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তাজুল ইসলাম এমপি বলেন, 'স্থানীয়ভাবে শিল্পায়ন ও কর্মসংস্থানের বিষয়টি বিবেচনা করেই রামপালে বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। পরিবেশের কথা মাথায় রেখেই এ প্রকল্পের চুক্তি করা হয়েছে।'

তাজুল ইসলাম বলেন, 'ইউনেস্কোসহ কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করে তথ্যসমৃদ্ধ কোনো প্রতিবেদন এ পর্যন্ত সরকারের কাছে জমা দেয়নি। যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, চীন ও জাপানে ব্যাপকভাবে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যারা রামপাল প্রকল্পের বিরোধিতা করছেন তারা ভুলের মধ্যে আছেন।'

সংসদীয় কমিটিতে এ বিষয়ে আলোচনার জন্য আনু মুহাম্মদসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় আনু মুহাম্মদ বলেন, 'রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবনের অস্তিত্ব বিলুপ্ত হবে। চার কোটি মানুষের জীবন-জীবিকা বিপন্ন ও হুমকির মধ্যে পড়বে।'

সুন্দরবন রক্ষায় বিদ্যুৎ প্রকল্পটি অন্য জায়গায় স্থানান্তরের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কে সরকারি দল সাউথ ইস্ট  ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি বিজয়ী হয়। পরে বিতার্কিকদের ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.