Sylhet Today 24 PRINT

স্কুটি পেলেন ২২ লেডি সার্জেন্ট

সিলেটটুডে ডেস্ক |  ১৪ আগস্ট, ২০১৬

সম্প্রতি নিয়োগ পাওয়া লেডি সার্জেন্টদের স্কুটি প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া দেশের প্রথম নারী সার্জেন্টদের হাতে স্কুটির চাবি তুলে দেন। এরপরই স্কুটি নিয়ে রাজপথে দায়িত্ব পালনে নেমে পড়েন লেডি সার্জেন্টরা।

২৮ জন নারী সার্জেন্ট প্রশিক্ষণ নিলেও ২২ জন ডিএমপিতে দায়িত্বরত রয়েছেন।

রাজারবাগ পুলিশ লাইন্সের মোটরসাইকেল মেকানিক্স সেকশন ইনচার্জ কনস্টেবল নাজমুল হুদা খান জানান, ১৫ দিনের প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে চাবি তুলে দেওয়া হলো।

গত ৩০ জুলাই থেকে পুলিশ লাইন্সের মাঠে লেডি সার্জেন্টদের মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ শুরু হয়। তারা এখন সড়কে স্কুটি চালাতে পারদর্শী হয়ে উঠেছেন।

প্রশিক্ষণ শেষে ডিএমপির হেডকোয়ার্টারে আয়োজিত স্কুটি হস্তান্তর অনুষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০ জন লেডি সার্জেন্ট। একজন অসুস্থ থাকায় এবং অন্যজনের মাস্টার্স পরীক্ষা থাকায় উপস্থিত থাকতে পারেননি।

২০১৫ সালে দেশে প্রথমবারের মতো নারী সার্জেন্ট নিয়োগ দেয় সরকার। তারা ২০১৫ সালের ২২ মে চাকরিতে যোগদান করেন। ঢাকায় ২২ জনের পদায়ন হয় গত জানুয়ারিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.