Sylhet Today 24 PRINT

লাঙ্গলবন্দে পুণ্যস্নানে পদদলিত হয়ে নিহত ১০

নিউজ ডেস্ক  |  ২৭ মার্চ, ২০১৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সনাতনী সম্প্রদায়ের পুণ্যস্থান লাঙ্গলবন্দে অষ্টমীর পুণ্যস্নানের সময় পদদলিত হয়ে সাত নারীসহ ১০ জন পুণ্যার্থী মারা গেছেন। আজ শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।

শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে মহাষ্টমী স্নানের লগ্ন শুরু হয়। এর পর থেকেই ভিড়ের চাপ বাড়তে থাকে। তবে স্নানের জন্য সবথেকে বেশি ভিড় দেখা যায় রাজঘাট ও প্রেমঘাটে। সেখানে ভিড়ের চাপে পদদলিত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের ছয় জন নারী ও চারজন পুরুষ। এদের মধ্যে নয় জনের নাম জানা গেছে। তারা হলেন, নতুন চন্দ্র, নিতাই চন্দ্র কানুন সাহা, রঞ্জিত পণ্ডিত, দহমতি, ভানুমতি, তুলশী দেবনাথ, রাখী, মালতি দাস।

শুক্রবার ভোররাত থেকে শুরু হওয়া এ পুণ্য স্নানে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও ভারত, নেপাল, শ্রীলংকা, ভুটানসহ অন্যান্য দেশ থেকে বিপুল সংখ্যক পূণ্যার্থী পুণ্য স্নানে অংশ নিতে আসে। ব্রহ্মপুত্র নদের মোট ১৩টি ঘাটে স্নানোৎসবের আয়োজন করা হয়।

শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে মহাষ্টমী স্নান উৎসবের লগ্ন শুরু হয়। লগ্ন শেষ হবে শনিবার ভোর ৬টা ৫৯ মিনিট ৩৮ সেকেন্ডে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকালে পুণ্যস্নানের পদযাত্রায় প্রচণ্ড ভিড় হয়। তখন পুরাতন ব্রহ্মপুত্র নদের পাশাপাশি রাজঘাট ও প্রেমতলা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে ঘাট এলাকায় না আসতে অনুরোধ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.