সিলেটটুডে ডেস্ক | ১৬ আগস্ট, ২০১৬
গুলশানের একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলার মাস্টার মাইন্ড বলে পুলিশ দাবি করা মারজান গত ৮ মাস ধরে বাড়ি থেকে নিখোঁজ বলে জানিয়েছে তার পরিবার।
তার পুরো নাম নুরুল ইসলাম মারজান (২৩)। গ্রামের বাড়ি পাবনার সদর থানার পৌরসভার পাইটকাবাড়ি। তার বাবার নাম নিজাম উদ্দিন, মা সালমা খাতুন। সে আলিয়া মাদরাসা থেকে পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ভর্তি হয়।
পাবনার পুলিশ সুপার (এসপি) আলমগীর কবীর জানান, প্রায় তিন বছর ধরে মারজান পরিবার থেকে নিখোঁজ রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মারজানের পারিবারিক সূত্র জানায়, ২০১৪ সালে সে পাবনা আলিয়া মাদরাসা থেকে আলিম পাস করে জিপিএ-৫ পেয়ে। এরপর সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে ভর্তি হয়।
তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী জানান, মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা, এখন পর্যন্ত তারা নিশ্চিত নন।
এ বিষয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিস্পোজালের প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেন বলেন, মারজানের বিষয় অনেক তথ্য আমাদের কাছে রয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় মারজান অন্যতম মাস্টার মাইন্ড গত সপ্তাহে দাবি করেছিল পুলিশ। তার বিষয়ে তথ্য চেয়ে সিটিটিসি ছবি প্রকাশ করেছে। এরপর অনেকেই পুলিশকে তার বিষয়ে তথ্য দিয়েছে বলেও জানিয়েছেন ছানোয়ার হোসেন।