Sylhet Today 24 PRINT

‘যুক্তরাষ্ট্রে বাঙালিদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন’

সিলেটটুডে ডেস্ক  |  ১৬ আগস্ট, ২০১৬

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশিকে গত শনিবার গুলি করে হত্যার ঘটনায় দেশটিতে থাকা বাঙালিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, “এ ধরনের একটি ঘটনা প্রকাশ্য দিবালোকে ঘটে গেল যুক্তরাষ্ট্রের মাটিতে। বাসার মধ্যে এক দম্পতি লস এঞ্জেলসে মারা গেল। এ দুটি ঘটনার পর যুক্তরাষ্ট্রের কিছু শহরে বাঙালিদের নিরাপত্তা নিয়ে আসলে আমরা উদ্বিগ্ন। তিনি বলেন, “আমি যতটা জেনেছি আমাদের ফরেন সেক্রেটারির সঙ্গে গতকাল ইউএস এম্বাসেডর বার্নিকাট দেখা করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন; এবং সঙ্গে সঙ্গে যথাযথ ইনভেস্টিগেশনের আশ্বাস দিয়েছেন।”

নিহত দুই বাংলাদেশির একজন মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ছিলেন নিউ ইয়র্কের কুইন্সে ওজনপার্কে আল ফোরকান জামে মসজিদের ইমাম। হবিগঞ্জের চুনারুঘাট থেকে পাঁচ বছর আগে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে যান মাওলানা আলাউদ্দিন। এই ঘটনায় নিহত অপরজন মাওলানা আলাউদ্দিনের প্রতিবেশী থেরাউদ্দিনের (৬৪) বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে। গত শনিবার জোহরের নামাজের পর মসজিদের কাছে গুলি করে হত্যা করা হয় এ দুইজনকে।

ইতোমধ্যে ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পুলিশ। এর আগে ক্যালিফোর্নিয়ায় নিজ ঘর থেকে এক দম্পতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.